দীপাবলির আগেই বড় বিপর্যয়, রাজধানীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, মৃত ২!

বার্তা ডেস্কঃ

দীপাবলির উৎসবের আনন্দ ম্লান করে দিয়ে পুরনো দিল্লির ব্যস্ত চাওড়ি বাজার এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি তিনতলা নির্মীয়মাণ বাড়ি। বৃহস্পতিবার সকালে ঘটে যাওয়া এই ভয়াবহ দুর্ঘটনায় এখনও পর্যন্ত দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং আহত হয়েছেন অন্তত একজন। ঘটনার আকস্মিকতায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে নামে দিল্লি পুলিশ, দমকল বাহিনী এবং বিশেষ উদ্ধারকারী দল।

মেট্রো স্টেশনের কাছে গলি সিতারা এলাকায় অবস্থিত এই নির্মীয়মাণ বাড়িটি হঠাত্ই ভেঙে পড়ায় ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। উৎসবের মরসুমে এই এলাকায় সাধারণ মানুষের প্রচণ্ড ভিড় থাকায় উদ্ধারকাজ চালাতে প্রশাসনের বেগ পেতে হচ্ছে। এর আগে বুধবারই চাঁদনি চকে ১৬০ বছরের পুরনো ঐতিহাসিক টাউন হলের একাংশ ভেঙে পড়ার ঘটনা ঘটেছিল, যা রাজধানীর প্রাচীন ভবনগুলির বেহাল দশা এবং নিরাপত্তার চিত্রটিকে ফের প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *