ফেসবুকে রিলস দেখে সোনার গয়না কিনলেন যুবক, বাড়িতে আসতেই যা ঘটল!
সোনা কেনায় প্রতারণার অভিযোগ, বারুইপুরের জুয়েলার্সে পুলিশের তদন্ত
নিজস্ব প্রতিবেদক, বারুইপুর: সোনার ওজন ও বিশুদ্ধতা নিয়ে জালিয়াতির অভিযোগে বারুইপুরের ‘ব্যাঙ্গালোর জুয়েলার্স’-এর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। হুগলির খানাকুলের এক বাসিন্দার করা এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।
অভিযোগকারী জানান, সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেখে তিনি বারুইপুরের ওই দোকান থেকে সোনা কেনেন। বিল অনুযায়ী কেনা সোনার ওজন ছিল ২.৫৫০ গ্রাম। তবে সোনার গুণমান নিয়ে সন্দেহ হওয়ায় তিনি বাইরে অন্য জায়গায় সেটি গলিয়ে পরীক্ষা করান। অভিযোগ, গলানোর পর সোনার ওজন কমে দাঁড়ায় মাত্র ১.১৪০ গ্রাম। এছাড়া বিলে হলমার্ক চার্জ নেওয়া হলেও কেনা গয়নায় হলমার্কের কোনো চিহ্ন ছিল না বলে দাবি করেছেন তিনি। তাঁর আরও অভিযোগ, ২২ ক্যারেট সোনা বলে বিক্রি করলেও আসলে সেটি নিম্নমানের ছিল।
এই ঘটনায় ভুক্তভোগী ক্রেতা জানান, দীর্ঘ সময় ধরেই বিজ্ঞাপন দিয়ে এমন প্রতারণা চালানো হচ্ছে। বাড়িতে সোনার বিশুদ্ধতা নিয়ে সন্দেহ তৈরি হওয়ার পরই বিষয়টি প্রকাশ্যে আসে।
অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বারুইপুর থানার পুলিশ ব্যাঙ্গালোর জুয়েলার্সে গিয়ে প্রাথমিক তদন্ত চালায়। দোকান মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলেই সোনা কেনাবেচায় কোনো অনিয়ম হয়েছে কি না, তা স্পষ্ট হবে।