সিঙ্গুরে ন্যানোর ক্ষত মেটাতে অশোক লে-ল্যান্ডের আশার আলো, নয়া শিল্পনীতি ও জমিনীতি প্রকাশ মুখ্যমন্ত্রীর
রাজ্যে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে নতুন শিল্পনীতি ঘোষণা করেছে রাজ্য সরকার। নিউটাউনে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, সিঙ্গুরে শিল্প পরিকাঠামো পুনরুজ্জীবিত করতে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিচ্ছে এবং বাণিজ্যিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা অশোক লে-ল্যান্ডের সঙ্গে প্রাথমিক আলোচনাও হয়েছে। জমিনীতির বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করে মুখ্যমন্ত্রী বলেন, কৃষকদের ওপর গুলি না চালিয়ে কিংবা শিল্পপতিদের ওপর জমির ভার না চাপিয়ে, জমি অধিগ্রহণ ও পরিকাঠামো গঠনে সরকার সরাসরি বিনিয়োগকারীদের পাশে থাকবে। বিগত সরকারের বাণিজ্য সম্মেলনের সমালোচনা করে তিনি প্রতিশ্রুতি দেন, কেবল চমক না দিয়ে বাস্তবসম্মত পদক্ষেপে শিল্পায়ন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।
শিল্পে জোয়ার আনতে বিদ্যুতের মাশুল ও স্ট্যাম্প ডিউটির খরচ পাঁচ বছর পর্যন্ত ফেরত দেওয়া এবং ২০৩০ সাল পর্যন্ত সবুজ বিদ্যুতের সারচার্জ মকুবের মতো আর্থিক প্রণোদনা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পে নারী ও পুরুষ কর্মীদের প্রভিডেন্ট ফান্ডে (ইপিএফ) সরকারের তরফে বিশেষ ভর্তুকির ব্যবস্থা করা হয়েছে। সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স, গ্রিন হাইড্রোজেন ও বৈদ্যুতিক গাড়ির মতো কৌশলগত ক্ষেত্রগুলিকে প্রাধান্য দিয়ে নতুন শিল্পে প্ল্যান্ট ও যন্ত্রাংশ কেনার ক্ষেত্রেও বিশেষ সহায়তার কথা জানানো হয়েছে। রাজ্যে দীর্ঘদিনের ‘শিল্প খরা’ কাটিয়ে প্রায় দুই কোটি শিক্ষিত বেকারের কর্মসংস্থান সৃষ্টি করাই এই সার্বিক শিল্পরীতির মূল লক্ষ্য।