বাঁকুড়ার নির্জন রাস্তায় বাইক থামাল সাক্ষাৎ কাল, শিউরে ওঠার মতো ঘটনা!
বার্তা ডেস্কঃ
বুনো হাতির হামলায় প্রাণ হারালেন প্রৌঢ়, বেলিয়াতোড়ে শোকের ছায়া
নিজস্ব প্রতিবেদক, বাঁকুড়া: বাঁকুড়ার বেলিয়াতোড় থানা এলাকার বেলুট গ্রামে বুনো হাতির আক্রমণে এক প্রৌঢ়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম বরেন তুং (৬৭)। তাঁর বাড়ি বেলিয়াতোড়ের বাঁকুড়াডাঙা এলাকায়। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ৮টা নাগাদ বরেনবাবু তাঁর এক পরিচিত সঙ্গীকে বাইকের পিছনে বসিয়ে বাড়ি ফিরছিলেন। বেলুট সংলগ্ন এলাকা দিয়ে বয়ে যাওয়া শালি নদী থেকে হঠাৎই একটি বুনো হাতি ডাঙায় উঠে আসে। বাইকটি হাতির একেবারে সামনে পড়ে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাইকটি রাস্তায় আছড়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাইক উল্টে যাওয়ার পর বরেনবাবুর সঙ্গী দ্রুত উঠে প্রাণ বাঁচাতে পালিয়ে যেতে সক্ষম হলেও, বাইকের নিচে আটকে পড়ায় বরেনবাবু উঠতে পারেননি। সেই সুযোগে বুনো হাতিটি তাঁর ওপর হামলা চালায় এবং পায়ের তলায় পিষ্ট করে। ঘটনাস্থলেই প্রৌঢ়ের মৃত্যু হয়।
খবর পেয়ে বেলিয়াতোড় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, লোকালয় ও সংলগ্ন রাস্তায় হাতির অবাধ গতিবিধি নিয়ে বন দফতর সতর্ক নয়। তাঁরা হাতির গতিবিধির ওপর নজরদারি বাড়ানো এবং আগাম সতর্কবার্তা জারির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।