বদলে গেল বড়মার ট্যাগলাইন, নতুন মন্ত্রে এখন সনাতনের জয়জয়কার!

বার্তা ডেস্কঃ

 

নৈহাটির বড়মা মন্দিরের ট্যাগলাইন পরিবর্তন ঘিরে বিতর্ক

নৈহাটি: রাজ্যের পালাবদলের আবহে নৈহাটির বিখ্যাত বড়মা মন্দিরের নতুন ট্যাগলাইনকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর বিতর্ক। মন্দির কর্তৃপক্ষের নেওয়া এই নতুন সিদ্ধান্তের পর মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ভক্তমহলে।

চলতি বছর ১০৩ বছরে পা দিতে চলেছে নৈহাটির এই কালীপুজো। এতদিনের প্রচলিত ট্যাগলাইন ‘ধর্ম যার যার, উৎসব সবার’ পরিবর্তন করে নতুন ট্যাগলাইন করা হয়েছে—‘বড়মায় ভক্তি, সনাতনের শক্তি’। মন্দির কর্তৃপক্ষের দাবি, বহু ভক্তের আবেদনের ভিত্তিতেই এই পরিবর্তন আনা হয়েছে। মন্দির কমিটির এক সদস্যের মতে, নতুন ট্যাগলাইন সাধারণ মানুষ সুন্দরভাবেই গ্রহণ করবেন।

তবে এই পরিবর্তনের ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। একাংশ ভক্তের দাবি, পুরনো ট্যাগলাইনটি অনেক বেশি অন্তর্ভুক্তিমূলক ছিল। অনেকে ক্ষোভ প্রকাশ করে পুরোনো ট্যাগলাইনটিই পুনরায় লাগানোর আবেদন জানিয়েছেন। আবার ভক্তদেরই একটি বড় অংশ মনে করছেন, বড়মার নাম এবং তাঁর প্রতি বিশ্বাসই মূল বিষয়, সেখানে ট্যাগলাইন খুব একটা গুরুত্বপূর্ণ নয়।

মন্দির চত্বরে অতীতে ভিআইপি সংস্কৃতি বা পুণ্যার্থীদের হয়রানি নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে। তবে নতুন এই ট্যাগলাইন পরিবর্তনের সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই বলে দাবি করেছেন নৈহাটির বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়। তিনি বলেন, “নৈহাটিবাসী দীর্ঘদিন ধরেই চেয়েছিলেন যে সনাতনীদের ট্যাগলাইন থাকুক। বড়মা কমিটিতেও সেই আবেদন এসেছিল। এর সঙ্গে রাজনৈতিক পালাবদলের কোনো সম্পর্ক নেই।”

বড়মা মন্দির কমিটির পক্ষ থেকেও স্পষ্ট জানানো হয়েছে যে, নতুন এই ট্যাগলাইনে তাদের কোনো আপত্তি নেই। বিষয়টি নিয়ে বিতর্ক থাকলেও, মন্দিরের দৈনন্দিন পুজো এবং ভক্তদের ভিড় আগের মতোই স্বাভাবিক রয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *