চিনের টুনি বাল্ব বর্জন করুন, দেশীয় পণ্যেই আলোকিত হোক আপনার দীপাবলি!

 

মাটির প্রদীপ কেনার আহ্বান মুখ্যমন্ত্রীর, নিউটাউনে হবে তিরুপতি মন্দির

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দীপাবলি উৎসব উপলক্ষে সাধারণ মানুষকে পরিবেশবান্ধব বাজি ব্যবহারের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি বিদেশি পণ্য বর্জন করে স্থানীয় শিল্পীদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন।

মঙ্গলবার এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “দীপাবলি খুব ভালো করে পালন করুন। তবে সবুজ বাজি ব্যবহার করবেন। এ সময় চিনের তৈরি টুনি বাল্ব না কিনে স্থানীয় কুম্ভকারদের কাছ থেকে মাটির প্রদীপ কিনুন। ‘ভোকাল ফর লোকাল’ মন্ত্রে আমাদের কুম্ভকারদের বাঁচিয়ে রাখা প্রয়োজন। আমি নিজেও গতকাল হুগলি থেকে ৪০০ টাকার মাটির প্রদীপ কিনেছি।”

এর পাশাপাশি রাজ্যের আসন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলির কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, নিউটাউনের চিড়িয়াখানাকে আরও আধুনিক ও উন্নত করা হবে। তিনি জোর দিয়ে বলেন, “ভূমিপুত্র ও আদি বাসিন্দাদের স্বার্থ রক্ষা করেই সমস্ত উন্নয়ন কাজ করা হবে।”

নিউটাউনের জমি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও জানান, সেখানে ১৭ একর জমিতে একটি সুদৃশ্য তিরুপতি মন্দির নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে মুকেশ অম্বানি ও অনন্ত অম্বানিকে। মুখ্যমন্ত্রী বলেন, “অম্বানিজিকে বলেছি, খুব সুন্দর মন্দির তৈরি করতে হবে। পাশাপাশি মন্দিরে আগত ভক্তদের বিনামূল্যে প্রসাদ বিতরণের শর্তও রাখা হয়েছে, তাতে তাঁরা রাজি হয়েছেন।” এছাড়া পীযূষ কানোরিয়ার প্রতিশ্রুতি অনুযায়ী তিন বছরের মধ্যে সমস্ত প্রকল্প বাস্তবায়িত হবে বলেও তিনি জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *