সন্দেশখালিতে পুলিশকে কামড়! অভিযুক্তকে ধরতে গিয়ে চরম বিশৃঙ্খলা

 

সন্দেশখালিতে পুলিশের সঙ্গে গ্রামবাসীদের ধস্তাধস্তি, পালটা অত্যাচারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সন্দেশখালি: সন্দেশখালিতে বিজেপির একটি সভা চলাকালীন পুলিশের সঙ্গে স্থানীয় গ্রামবাসীদের তীব্র বচসা ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এক যুবককে আটক করাকে কেন্দ্র করে এই উত্তেজনা ছড়ায়। ঘটনায় পুলিশ কর্মীকে কামড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় বিজেপির একটি মিটিং চলছিল। সেই সময় দিলীপ নামে এক ব্যক্তির বাড়ি পোড়ানোর ঘটনার তদন্তে পুলিশ এক যুবককে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। গ্রামবাসীদের অভিযোগ, ওই যুবক নির্দোষ। তাকে বিনা কারণে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে মহিলারা বাধা দেন। অভিযোগ, ঘটনাস্থলে মহিলা পুলিশ ছাড়াই পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা মহিলাদের মারধর করেন ও হেনস্থা করেন। এ সময় মহিলাদের শাড়ি ছিঁড়ে ফেলার মতো ঘটনাও ঘটেছে বলে অভিযোগ ওঠে।

এই ঘটনার প্রতিবাদে গ্রামবাসীরা একজোট হয়ে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। এলাকাবাসীর অভিযোগ, তৃণমূল পরিচালিত পুলিশি শাসনে তারা এখনও অত্যাচারিত হচ্ছেন। রাজনৈতিক পট পরিবর্তনের পরেও পরিস্থিতির কোনো বদল ঘটেনি বলে তাদের দাবি।

অন্যদিকে, সন্দেশখালি থানার পুলিশের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিশের দাবি, সরকারি কাজে বাধা দেওয়া হয়েছে এবং এক পুলিশ কর্মীকে কামড়ে আহত করা হয়েছে। গ্রামবাসীরা পুলিশকে তাদের দায়িত্ব পালন করতে দেয়নি বলেও তারা অভিযোগ করেছে। মারধরের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে পুলিশ প্রশাসন। বর্তমানে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *