আগামী সোমবার থেকে দক্ষিণবঙ্গে ফিরছে বৃষ্টি, ৪ ডিগ্রি নামবে তাপমাত্রা!

 

আগামী সপ্তাহ থেকে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ও উত্তরবঙ্গে, কমবে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক:
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহের শুরু থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আপাতত দক্ষিণবঙ্গ জুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও, সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার থেকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আপাতত কোথাও ভারী বর্ষণের কোনো পূর্বাভাস নেই। বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকতে পারে, এরপর রাজ্যের উভয় বঙ্গেই আবহাওয়া ফের শুষ্ক হয়ে উঠবে।

তাপমাত্রার বিষয়ে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এরপর তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। বর্তমানে রাজ্যের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার নিচেই অবস্থান করবে, ফলে সামগ্রিকভাবে মনোরম আবহাওয়া বজায় থাকবে।

অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রার পারদ নামার পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা সর্বোচ্চ চার ডিগ্রি পর্যন্ত হ্রাস পেতে পারে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার—এই পাঁচ জেলায় আগামী সপ্তাহের শুরুতে বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *