নিউটাউনে ট্রাফিক পুলিশকে পিটিয়ে রক্তাক্ত করলেন তিন শিক্ষক!

বার্তা ডেস্কঃ

 

ট্রাফিক পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা, ধৃত ৩ বেসরকারি কোচিং শিক্ষক

নিজস্ব প্রতিবেদন, নিউটাউন: ট্রাফিক আইন ভেঙে এক পুলিশকর্মীকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ইকোপার্ক থানার পুলিশ। ধৃতেরা হলেন মনমোহন বেহেরা, নীতীশকুমার সাহু এবং শুভজিৎ চক্রবর্তী। এর মধ্যে মনমোহন ও নীতীশের বাড়ি ঝাড়খণ্ডে এবং শুভজিৎ উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা। তাঁরা পেশায় নিউটাউনের একটি নামী বেসরকারি কোচিং প্রতিষ্ঠানের শিক্ষক।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ওই তিনজন বাইকে করে রাস্তার উল্টোদিক দিয়ে যাচ্ছিলেন। নিউটাউনের নোয়াপাড়া ট্রাফিক সিগন্যালের কাছে একটি অ্যাপ ক্যাবের সঙ্গে তাঁদের বাইকের ধাক্কা লাগে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্যাব চালকের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে ট্রাফিক পুলিশের এক আধিকারিক ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা তাঁর উপর চড়াও হন।

পুলিশের অভিযোগ, ঘটনার সময় ওই তিন শিক্ষক মদ্যপ অবস্থায় ছিলেন। তাঁরা কর্তব্যরত ট্রাফিক আধিকারিককে মারধর করেন এবং হেলমেট দিয়ে তাঁর মাথায় আঘাত করেন। ওই পুলিশকর্মী সাহায্যের জন্য ওয়াকিটকির মাধ্যমে খবর পাঠানোর চেষ্টা করলে অভিযুক্তরা সেটিও ভেঙে ফেলেন।

পরবর্তীতে খবর পেয়ে ইকোপার্ক থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *