১৩ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করব, তারপর যা করার করব!
কলকাতা পুরসভার আসন বিন্যাস নিয়ে আইনি লড়াই, প্রতিটি ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগের ঘোষণা শুভেন্দুর
নিজস্ব প্রতিবেদন: কলকাতা পুরসভার আসন সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯টি করার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ের পথে হাঁটছে বিরোধী দল বিজেপি। এই প্রক্রিয়ায় থাকা আইনি জটিলতা এবং পরবর্তী রণকৌশল নিয়ে স্পষ্ট বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে এবং তারপরই প্রতিটি ওয়ার্ডে দলীয় কো-অর্ডিনেটর নিয়োগ করা হবে।
এক সংবাদ সম্মেলনে শুভেন্দু অধিকারী বলেন, “আমরা সুপ্রিম কোর্টে যাব। প্রশাসন ২০৯টি ওয়ার্ডে যে পুনর্বিন্যাসের প্রক্রিয়া শুরু করেছে, তা নিয়ে আমরা আইনি লড়াই জারি রাখব। যারা ভোটে হারে, তারাই সাধারণত আদালতের দ্বারস্থ হয়। আমরা ভোটের প্রস্তুতি নিচ্ছি এবং আমরাই জয়ী হব। ফলতা, রেজিনগর ও নন্দীগ্রামের মতো আসনেই তারা পরাজিত হবে।”
তিনি আরও জানান, আগামী ১৩ নভেম্বর পর্যন্ত আদালতের পরিস্থিতির ওপর নজর রাখা হবে। এরপর থেকে প্রতিটি ওয়ার্ডের যাবতীয় সাংগঠনিক দায়িত্ব সামলানোর জন্য দায়িত্বপ্রাপ্ত কো-অর্ডিনেটর নিয়োগ করা হবে।
উল্লেখ্য, কলকাতা পুরসভার আসন সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯টি করার প্রশাসনিক সিদ্ধান্তের শুরু থেকেই বামফ্রন্ট, কংগ্রেসসহ একাধিক দল ও গোষ্ঠী এর প্রক্রিয়াগত ত্রুটি নিয়ে প্রশ্ন তুলেছিল। এ বিষয়ে কসবার সিপিএম নেত্রী তথা প্রাক্তন কাউন্সিলর দীপু দাস কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেন। মামলাটি বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের একক বেঞ্চে উঠলে, আদালত কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশ না দিয়ে উভয় পক্ষের কাছে হলফনামা তলব করে। পরবর্তীতে একক বেঞ্চের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলাকারীরা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। সেখানেই এই সংক্রান্ত নির্দেশ দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।