মাধুরী দীক্ষিতের বড় ছেলে আরিন নেনে হাজির এক তরুণীকে সঙ্গে নিয়ে, বলিপাড়ায় নতুন গুঞ্জন
ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার জমকালো দীপাবলি পার্টিতে সব আলো কেড়ে নিল একটি নতুন জুটি। অভিনেত্রী মাধুরী দীক্ষিত এবং শ্রীরাম নেনের বড় ছেলে আরিন নেনে হাজির হয়েছিলেন খুশি নামের এক তরুণীকে সঙ্গে নিয়ে। গত বৃহস্পতিবার মুম্বইয়ে আয়োজিত ওই তারকাবহুল অনুষ্ঠানে আরিন ও খুশিকে অত্যন্ত সাবলীল ও স্বচ্ছন্দ মেজাজে দেখা যায়। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে পোজ দেওয়ার সময় আরিনকে স্নেহের সঙ্গে খুশিকে নিজের কাছাকাছি টেনে নিতে দেখা যায় এবং দু’জনের মুখেই ছিল চওড়া হাসি।
শুধু একা নয়, এই জুটিকে পোজ দিতে দেখা যায় খোদ মাধুরী দীক্ষিত ও শ্রীরাম নেনের সঙ্গেও। তারকা দম্পতির পাশাপাশি দাঁড়িয়ে তাঁদের হাসিমুখে ছবি তোলার দৃশ্য দেখেই অনুরাগীদের একাংশের অনুমান, পরিবারের সঙ্গে ইতিমধ্যেই বেশ ভালো সখ্য তৈরি হয়েছে খুশির। পড়াশোনা ও নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকা আরিনের দীপাবলির এই পার্টিতে খুশির হাত ধরে প্রকাশ্য উপস্থিতি এবং পরিবারের সঙ্গে পোজ দেওয়ার ঘটনাটি এখন খবরের শিরোনামে রয়েছে।