গোবরডাঙা হাসপাতালে ফিরবে রোগীর ভিড়! ১০০ শয্যার হাসপাতাল তৈরিতে কত দিন সময় চাইলেন মুখ্যমন্ত্রী?
দীর্ঘদিন বন্ধ থাকা গোবরডাঙা হাসপাতাল আবার চালু করার প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উত্তর ২৪ পরগনার মছলন্দপুর ত্রিমূর্তি আয়োজিত কালীপুজোর উদ্বোধনী মঞ্চ থেকে তিনি জানান, আগামী চার মাসের মধ্যে, অর্থাৎ মার্চ মাসের মধ্যে হাসপাতালটিকে ১০০ শয্যার পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে। আগে এই হাসপাতালে শয্যাসংখ্যা ছিল ৩০। স্থানীয় বাসিন্দাদের নিজস্ব এলাকাতেই ন্যূনতম ও উন্নত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে এই উদ্যোগে পাশাপাশি শিশুদের জন্য এসএনসিইউ (SNCU) পরিষেবা এবং প্রধানমন্ত্রী জনঔষধী কেন্দ্রও চালু করার কথা ঘোষণা করেন তিনি। এই উদ্যোগের তীব্র প্রশংসা করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।
গোবরডাঙার এই হাসপাতালটি মেদিয়া, সুটিয়া, পাঁচপোতা ও মছলন্দপুর-সহ বিশাল এলাকার চিকিৎসার প্রধান ভরসাস্থল ছিল। কিন্তু দীর্ঘদিন হাসপাতালটি বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দাদের চাঁদপাড়া, বাউগাছি বা হাবড়া হাসপাতালের মতো দূরের স্বাস্থ্যকেন্দ্রে ছুটতে হতো। অতীতে একাধিক বার হাসপাতাল পুনরায় চালুর প্রতিশ্রুতি মিললেও তা বাস্তবায়িত হয়নি। মুখ্যমন্ত্রীর এই নতুন ঘোষণায় আশার আলো দেখছেন গোবরডাঙা ও আশপাশের হাজার হাজার মানুষ। তবে নির্ধারিত চার মাসের মধ্যে সত্যি পরিকাঠামোর উন্নয়ন ঘটিয়ে পরিষেবা শুরু হয় কি না, সেদিকেই নজর স্থানীয়দের।