শালবনিতে সিআইডির জালে দুর্নীতি! প্রাক্তন বিধায়ককে নিয়ে ঘটনাস্থলে তদন্তকারী দল

শালবনি জমি দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে সঙ্গে নিয়ে সীতারামপুর এলাকায় পৌঁছাল সিআইডির একটি তদন্তকারী দল। যে জমি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, শুক্রবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে তাঁকে ঠিক সেখানেই নিয়ে যাওয়া হয়। সিআইডি সূত্রে জানা গিয়েছে, সীতারামপুর মৌজার ৮৪ ডেসিমেল সরকারি জমি জাল দলিল তৈরি করে ঝাড়খণ্ডের বোকারোর এক বাসিন্দার কাছে সাড়ে আট লক্ষ টাকায় বিক্রি করা হয়েছিল। এই কেলেঙ্কারির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসার পর মামলার তদন্ত আরও জোরদার করা হয়েছে।

তদন্তে জানা গেছে, ওই বিতর্কিত জমির জাল দলিলের সাক্ষী হিসেবে প্রাক্তন বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি সুজয় হাজরার সই রয়েছে। তাঁর পাশাপাশি সাক্ষী হিসেবে সুদীপ রায় এবং দেবু দে নামের আরও দু’জনের নাম সামনে এসেছে। পুলিশ সুদীপকে তলব করলেও তিনি বর্তমানে পলাতক। প্রসঙ্গত, শালবনি জমি কেলেঙ্কারির এই মামলায় ইতিমধ্যে চার্জশিট জমা দিয়েছে সিআইডি এবং মামলাটি মেদিনীপুর সিজেএম কোর্টে বিচারাধীন রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *