লক্ষ্মণরেখা পার হলে চুপ থাকব না, হুঙ্কার মমতার!

 

কালীপুজো নিয়ে উত্তপ্ত কালীঘাট: পুলিশের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী, দিলেন আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, কলকাতা: নিজের পাড়ায় কালীপুজো ও পুলিশি কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার রাতে কালীঘাটে দলীয় কর্মসূচির মঞ্চ থেকে তিনি বিজেপি ও স্থানীয় পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন।

মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এসে এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। তাঁর কথায়, “রাত ৩টের সময় লুম্পেন নিয়ে এসে কেন কালীপুজোকে আক্রমণ করা হচ্ছে? কেন কাজ করতে বাধা দেওয়া হচ্ছে?” তিনি আরও দাবি করেন, তাঁর বাড়ির সামনের রাস্তায় বেআইনিভাবে পুজোর আয়োজন করা হয়েছে যাতে তাঁর নিজের বাড়ির পুজোয় দর্শনার্থীরা আসতে না পারেন।

পুলিশের ভূমিকা নিয়েও এদিন তীব্র অসন্তোষ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় কালীঘাট থানার ওসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “পুলিশ লক্ষ্মণরেখা ছাড়িয়ে যাচ্ছে। আমি সব জানি, কে কত ক্ষমতা দেখাচ্ছেন বা কত প্রমোশন পাওয়ার চেষ্টা করছেন।” একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে তিনি নিজে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন।

বুলডোজার সংস্কৃতির প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী তীব্র ভাষায় আক্রমণ করেন বিজেপিকে। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “আমার পাড়ায় এই জোর জুলুম বরদাস্ত করব না। প্রয়োজন হলে আমার শরীরের উপর দিয়ে, আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালাও।”

পুলিশি হয়রানি ও স্থানীয় এলাকায় অস্থিরতা চললে জনরোষের বিস্ফোরণ ঘটতে পারে বলেও সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতি মোকাবিলায় তিনি এলাকার মহিলাদের এগিয়ে আসার আহ্বান জানান। তবে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রেক্ষিতে বিরোধী পক্ষ বা পুলিশ প্রশাসনের তরফে এখনও কোনো পাল্টা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *