সন্দেশখালিতে অভিযুক্ত ধরতে গিয়ে পুলিশের উপর হামলা, হাতে কামড় বসানোর অভিযোগে গ্রেপ্তার তিন

উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি দিলীপ মল্লিকের বাড়িতে আগুন লাগানোর ঘটনার তদন্তে গিয়ে তীব্র বাধার মুখে পড়ল পুলিশ। অভিযুক্তকে ধরে নিয়ে আসার সময় স্থানীয় বাসিন্দারা পথ আটকান এবং বলপূর্বক তাঁকে ছিনিয়ে নেন বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম চাঞ্চল্য ছড়ায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযান চলাকালীন কর্তব্যরত এক পুলিশ কর্মীকে হাতে কামড়ে দেওয়া হয় এবং পুলিশের উপর হামলা চালানো হয়। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, সেখানে একটি রাজনৈতিক সভা চলাকালীন পুলিশ বিনা কারণে এক যুবককে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং সাধারণ মানুষের উপর চড়াও হয়। মহিলা পুলিশ না থাকায় মহিলাদের শাড়ি ছিঁড়ে হেনস্তা করা হয়েছে বলেও বিস্ফোরক অভিযোগ উঠেছে। যদিও পুলিশের তরফে এই মারধরের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। এই ঘটনায় পাপিয়া মণ্ডল, স্বপন মণ্ডল ও শঙ্কর বর্মণ নামের তিনজনকে গ্রেপ্তার করে ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছে। সমগ্র ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে রয়েছে সংশ্লিষ্ট এলাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *