ওষুধের দোকানে অস্ত্রোপচার! ক্যানিংয়ে ভুয়ো চিকিৎসকের গাফিলতিতে প্রসূতির মর্মান্তিক মৃত্যু!
রাজ্যজুড়ে ভুয়ো ডাক্তারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের মাঝেই ক্যানিংয়ে সামনে এল এক চাঞ্চল্যকর ঘটনা। এক প্রসূতির শারীরিক জটিলতার সুযোগ নিয়ে ক্যানিং গোলাবাড়ির কাছে একটি ওষুধের দোকানে সম্পূর্ণ বেআইনিভাবে অস্ত্রোপচার চালানোর গুরুতর অভিযোগ উঠেছে। অতিরিক্ত রক্তক্ষরণ ও শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে প্রাপ্ত ডেথ সার্টিফিকেটে উল্লেখ করা হয়েছে যে হাইপোভোলেমিক শক এবং মাল্টি অর্গান ফেলিওরের কারণেই ওই প্রসূতির মৃত্যু হয়েছে।
ঘটনার খবর পেয়ে দক্ষিণ ২৪ পরগনা স্বাস্থ্য দপ্তরের নির্দেশে একটি বিশেষ দল ওই ওষুধের দোকানটি পরিদর্শন করে এবং অ্যালোপ্যাথিক দোকানের আড়ালে চলা বেআইনি অস্ত্রোপচারের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসে। এই ভয়াবহ ঘটনার পর ক্যানিং থানার পুলিশ দ্রুত অভিযানে নেমে চক্রের মূল অভিযুক্ত পনূর আলম শেখকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি, প্রশাসন অভিযুক্তের সেই ওষুধের দোকানটি সিল করার নির্দেশ দিয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।