সীমান্তে বিএসএফের গুলি, ৩ কেজি সোনা সহ জখম বাংলাদেশি পাচারকারী,
November 7, 2026
নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার টুঙ্গি সীমান্তে ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে সোনা পাচারের চেষ্টার সময় বিএসএফের গুলিতে জখম হয়েছেন এক বাংলাদেশি যুবক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের দিক থেকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করার সময় সীমান্তে কর্তব্যরত জওয়ানরা তাঁকে থামার জন্য সতর্ক করেন। কিন্তু সেই নির্দেশ অমান্য করে পালানোর চেষ্টা করলে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়, যার ফলে তিনি জখম হন।
গুলিতে আহত মনির হোসেন নামের ওই পাচারকারীকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে পুলিশি নজরদারিতে তাঁর চিকিৎসা চলছে। তাঁর কাছ থেকে প্রায় ৩ কেজি সোনা উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার পিছনে কোনও বড় চক্রের হাত রয়েছে কি না কিংবা এর সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।