পাসপোর্ট-ভিসা ছাড়াই ভারতে প্রবেশ! নিউ জলপাইগুড়ি স্টেশনে ধরা পড়ল দুই বাংলাদেশি
November 8, 2026
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে নিউ জলপাইগুড়ি স্টেশনে ধৃত ২ বাংলাদেশি
নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মুহাম্মদ শামিম হোসেন ও জাহানারা মণ্ডল নামে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে জিআরপি। ধৃতদের বাড়ি বাংলাদেশের খুলনায়। নিয়মিত তল্লাশির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে পুলিশ তাঁদের জিজ্ঞাসাবাদ করে। বৈধ পাসপোর্ট বা প্রয়োজনীয় নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তাঁদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, কাজের সন্ধানে সীমান্ত পেরিয়ে তাঁরা ভারতে প্রবেশ করেছিলেন। ট্রেনযোগে গন্তব্যে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। ধৃতদের পেছনে কোনো পাচারকারী চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে পুলিশ।