কালীপুজোয় দারুণ সুখবর, রাতেও চলবে মেট্রো!

 

কালীপুজোর রাতে বাড়ল মেট্রো পরিষেবা, জানুন বিস্তারিত সময়সূচি

কলকাতা: কালীপুজো ও দীপাবলির রাতে দর্শনার্থী ও সাধারণ যাত্রীদের যাতায়াত সুগম করতে বিশেষ উদ্যোগ নিল কলকাতা মেট্রো। ছুটির দিন অর্থাৎ রবিবার (৮ নভেম্বর) মেট্রোর সংখ্যা বাড়ানোর পাশাপাশি শেষ মেট্রো ছাড়ার সময়সীমাও বৃদ্ধি করা হয়েছে।

ব্লু লাইন:
রবিবার ব্লু লাইনে মোট ১৫২টি মেট্রো চলবে (আপ ও ডাউন মিলিয়ে ৭৬টি করে)। সকাল ৭টা ৫৪ মিনিটে নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো ছাড়বে। দক্ষিণেশ্বর ও মহানায়ক উত্তমকুমার থেকে সকাল ৮টায় প্রথম পরিষেবা শুরু হবে। রাতে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো ছাড়বে ১০টা ৪০ মিনিটে এবং শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়। এছাড়া, দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১১টায়।

গ্রিন লাইন:
এই লাইনে রবিবার মোট ১২৩টি মেট্রো চলবে, যা সাধারণ দিনের তুলনায় ১২টি বেশি। এর মধ্যে আপ লাইনে ৬১টি এবং ডাউন লাইনে ৬২টি পরিষেবা থাকবে। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টায় এবং সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৮টা ২ মিনিটে। উভয় প্রান্ত থেকেই দিনের শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়।

ইয়েলো লাইন:
ইয়েলো লাইনে রবিবার মোট ৭৮টি মেট্রো চলবে (আপ ও ডাউন লাইনে ৩৯টি করে)। এই রুটে পরিষেবার সময়সূচিতে কোনো পরিবর্তন করা হয়নি। নোয়াপাড়া থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টা ১৮ মিনিটে এবং জয় হিন্দ বিমানবন্দর থেকে সকাল ৯টা ৪০ মিনিটে। দিনের শেষ মেট্রো নোয়াপাড়া থেকে রাত ৯টায় এবং জয় হিন্দ বিমানবন্দর থেকে রাত ৯টা ২০ মিনিটে ছাড়বে।

উল্লেখ্য, বেগুনি ও অরেঞ্জ লাইনে রবিবার স্বাভাবিক নিয়মেই পরিষেবা বন্ধ থাকবে। কালীপুজোর রাতে যাতে সাধারণ যাত্রীদের কোনো সমস্যা না হয়, তা নিশ্চিত করতেই কর্তৃপক্ষ এই বিশেষ সময়সূচি ঘোষণা করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *