বিএসএফ জওয়ানদের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী!

 

সীমান্তে জওয়ানদের সঙ্গে মুখ্যমন্ত্রী, ঘোষণা করলেন ‘সীমা মিত্র সম্মান’

নিজস্ব প্রতিবেদন: সীমান্তে কর্তব্যরত জওয়ানদের সঙ্গে দীপাবলি কাটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার হিঙ্গলগঞ্জের বিএসএফ শিবিরে পৌঁছে তিনি জওয়ানদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি, আগের সরকারের আমলে সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) সঙ্গে রাজ্যের দূরত্ব ও অসহযোগিতার জন্য ক্ষমা চেয়েছেন।

প্রধানমন্ত্রীর গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন জওয়ানদের সঙ্গে উৎসব উদযাপনের রীতি থেকে অনুপ্রাণিত হয়েই এই উদ্যোগ নিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর এই কর্মকাণ্ড আমাকে অনুপ্রাণিত করেছে। তাই আজ আমি জওয়ানদের সঙ্গে সময় কাটাতে এসেছি।”

অনুষ্ঠানের মঞ্চ থেকে পূর্বতন রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, আগের সরকার বিএসএফের প্রতি বিরূপ মনোভাব পোষণ করত এবং সীমান্ত সুরক্ষায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি প্রদানে বাধা সৃষ্টি করেছিল। মুখ্যমন্ত্রী বলেন, “আগের সরকারের আচরণের জন্য আমি ক্ষমাপ্রার্থী। বিএসএফের প্রতি তারা খারাপ শব্দ ব্যবহার করেছিল। সীমান্ত সুরক্ষায় কাঁটাতার দেওয়ার জন্য জমি পর্যন্ত দেয়নি।” তবে সরকার বদলের পর জমি সংক্রান্ত জটিলতা মিটিয়ে কাঁটাতারের কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে বলে তিনি দাবি করেন।

সীমান্ত সুরক্ষায় নিয়োজিত কর্মীদের মনোবল বাড়াতে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, বিএসএফ, এসএসবি এবং রাজ্য পুলিশের কর্তব্যরত কর্মীদের কাজের স্বীকৃতি দিতে ‘সীমা মিত্র সম্মান’ চালু করা হবে। ২০২৭ সাল থেকে এই পুরস্কার প্রদান শুরু হবে।

পাশাপাশি, সীমান্তবর্তী এলাকার শিক্ষিত ও কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের কাজের সুযোগ তৈরির আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “সীমান্তের যে সমস্ত শিক্ষিত যুবক কাজ করতে আগ্রহী, তাঁদের বর্তমান ও আগামী দিনের সরকারি প্রকল্পে অগ্রাধিকার দেওয়া হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *