দীপাবলির উপহার! কম্পিউটার টিচারদের DA বৃদ্ধির ঘোষণা রাজ্য সরকারের
পাঞ্জাবে কম্পিউটার শিক্ষকদের ডিএ বৃদ্ধি ৪০ শতাংশ, সরকারি কর্মীদের জন্য বাড়ল আরও ৩ শতাংশ
নিজস্ব প্রতিবেদন: দীপাবলির প্রাক্কালে পাঞ্জাবের সরকারি কর্মচারী ও শিক্ষকদের জন্য বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। রাজ্যের ৬,৫০৭ জন কম্পিউটার শিক্ষকের মহার্ঘ ভাতা (ডিএ) একলাফে ৪০ শতাংশ বৃদ্ধির অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। এর ফলে এই শিক্ষকদের ডিএ ১৮১ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ২২১ শতাংশে।
মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানান, দীপাবলির উপহার হিসেবেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, রাজ্যের ৮ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ আরও ৩ শতাংশ বৃদ্ধি করেছে মান সরকার। এই বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মীদের মোট ডিএ-র হার ৪২ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫৩ শতাংশে।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরে রাজ্য সরকার মোট ১১ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছে। এর মধ্যে আগে ৪ শতাংশ করে দুটি কিস্তিতে ডিএ বৃদ্ধির ফলে হার ৫০ শতাংশে পৌঁছেছিল। নতুন এই ৩ শতাংশ বৃদ্ধির ফলে তা ৫৩ শতাংশে গিয়ে পৌঁছাল। বর্ধিত এই ডিএ নভেম্বর মাসের বেতনের সঙ্গে যুক্ত হয়ে কর্মীদের অ্যাকাউন্টে জমা হবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, একদিকে যখন ডিএ বৃদ্ধির এই সুখবর দেওয়া হচ্ছে, অন্যদিকে বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে পাঞ্জাবে কর্মচারী ও পেনশনভোগীদের একাংশের মধ্যে অসন্তোষ বিদ্যমান। বর্তমানে রাজ্য সরকার ও পেনশনভোগীদের বকেয়া ডিএ এবং মহার্ঘ ত্রাণের পরিমাণ ২২,৮১৮ কোটি টাকা। এই বকেয়া সংক্রান্ত বিষয়টি বর্তমানে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বিচারাধীন রয়েছে।