সোমবার থেকে ফের বৃষ্টির দাপট, আগামী ৭ দিন কেমন থাকবে আবহাওয়া?
ভাইফোঁটায় বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণ ও উত্তরবঙ্গে সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের
নিজস্ব প্রতিবেদন: নতুন সপ্তাহের শুরু থেকেই রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। সোম থেকে বুধবার পর্যন্ত দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া:
সোমবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়ায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে। ভাইফোঁটার দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পাশাপাশি বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস থাকায় ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবারের পর থেকে আবহাওয়া পুনরায় শুষ্ক হয়ে যাবে। তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে মঙ্গলবার থেকে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া:
উত্তরবঙ্গেও সপ্তাহের শুরু থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার ও বুধবার উত্তরের বাকি জেলাগুলোতে হালকা ঝড়বৃষ্টি হতে পারে। এর মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়া ফের শুষ্ক হয়ে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।