দীপাবলিকে ‘খুশির ইদের’ সঙ্গে তুলনা খাড়গের! কংগ্রেসকে ‘সনাতন বিরোধী’ তোপ বিজেপির

দীপাবলির শুভেচ্ছাবার্তা দিতে গিয়ে আলোর উৎসবকে ‘খুশির ইদের’ সঙ্গে তুলনা করে বিতর্কে জড়ালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। দীপাবলিকে ‘দীর্ঘ সময় ধরে চলা খুশির ইদ’ বলে উল্লেখ করার পাশাপাশি দেশবাসীকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। কংগ্রেস সভাপতির এই মন্তব্যের ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই সুর চড়িয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, উৎসবের দিনেও তোষণ ও ভোটব্যাঙ্কের রাজনীতি করছে কংগ্রেস।

বিজেপি মুখপাত্র প্রদীপ ভান্ডারি ও যুব মোর্চা সভাপতি হেমাং জোশী খাড়গের এই বক্তব্যকে ‘সনাতন বিরোধী’ আখ্যা দিয়ে তীব্র আক্রমণ করেন। সোনিয়া গান্ধীর সাম্প্রতিক এক সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে বিজেপি দাবি করে, কংগ্রেস ক্রমাগত হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত হানছে। পাল্টা সাফাই দিয়ে কংগ্রেসের তরফে জানানো হয়েছে, খাড়গে কারও ধর্মকে ছোট করতে চাননি; বরং সম্প্রীতি ও সর্বজনীনতার বার্তা দিতেই দীপাবলিকে সকলের উৎসব হিসেবে তুলে ধরেছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *