রাজ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগে বিরাট পদক্ষেপ! স্কুল-কলেজের ধাঁচে তৈরি হচ্ছে পৃথক ‘বিশ্ববিদ্যালয় সার্ভিস কমিশন’

স্কুল ও কলেজ সার্ভিস কমিশনের ধাঁচে রাজ্যে এবার পৃথক বিশ্ববিদ্যালয় সার্ভিস কমিশন গঠনের তোড়জোড় শুরু করল নবান্ন। এই নতুন কমিশন গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত করতে উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে ১১ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে কলকাতা বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের পাশাপাশি বেশ কয়েকজন বিশিষ্ট অধ্যাপক ও প্রশাসনিক আধিকারিককে রাখা হয়েছে। এছাড়া উচ্চশিক্ষা দপ্তরের অতিরিক্ত সচিব পার্থ চক্রবর্তীকে এই কমিটির সদস্য-আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী, কমিশনের গঠনতন্ত্র ও কার্যপদ্ধতির পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগের পদ্ধতি পর্যালোচনা করে এক মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে এই কমিটিকে।

বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিজেদের অনুমোদিত শূন্যপদে নিজস্ব উদ্যোগেই শিক্ষক নিয়োগ করে থাকে। তবে প্রস্তাবিত এই কমিশন কার্যকর হলে বিশ্ববিদ্যালয়ের নিয়োগের ক্ষমতা ও স্বাধিকার কতখানি অক্ষুণ্ণ থাকবে, তা নিয়ে ইতিমধ্যেই শিক্ষামহলে প্রশ্ন ও জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে শিক্ষক মহলের একাংশ বিশ্ববিদ্যালয়ের স্বাধিকারে হস্তক্ষেপের আশঙ্কা প্রকাশ করছেন। ইতিপূর্বে বিশ্ববিদ্যালয় বদলি বিল ঘিরে রাজ্যজুড়ে যে অসন্তোষ তৈরি হয়েছিল, তার মাঝেই এই নতুন কমিশন গঠনের উদ্যোগ শিক্ষাঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিতে পারে। তবে বিশেষজ্ঞদের মতামত ও পর্যালোচনার ভিত্তিতেই এই কমিশনের চূড়ান্ত কাঠামো এবং কর্মপদ্ধতি নির্ধারিত হবে বলে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *