অভিষেকের গ্রেফতারি কি সময়ের অপেক্ষা, কী বার্তা দিলেন শান্তনু!
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শীঘ্রই জেলে যেতে হবে, দাবি শান্তনু ঠাকুরের
কল্যাণী: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুব শীঘ্রই গ্রেফতার করা হতে পারে বলে বিস্ফোরক দাবি করলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। শনিবার কল্যাণীর নিমতলা এলাকায় নিজের নতুন কার্যালয় উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই মন্তব্য করেন।
গত শুক্রবার রাতে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে ঘটা বিশৃঙ্খল পরিস্থিতির প্রসঙ্গ টেনে শান্তনু ঠাকুর বলেন, অভিষেকের বিরুদ্ধে বড় পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। তিনি দাবি করেন, খুব শীঘ্রই অভিষেককে জেলে যেতে হবে।
প্রসঙ্গত, ৭ নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে শুক্রবার রাত থেকে তাঁর বাসভবনের বাইরে অনুগামীদের ভিড় জমেছিল। অভিযোগ, সেই সময় ওই এলাকা দিয়ে যাওয়ার পথে বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে তৃণমূল কর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং অভিষেকের কাটআউট ও প্রচারমূলক ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে। ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে পুলিশের সঙ্গেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাগ্বিতণ্ডা হয়।
অভিষেকের অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই তাঁর সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। এই ঘটনার রেশ ধরে শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের বাড়িতে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং বিজেপি ও পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেন।
কালীঘাটের এই উত্তপ্ত পরিস্থিতি নিয়ে যখন রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে, ঠিক সেই সময়েই বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিয়েছে। উল্লেখ্য, কল্যাণীবাসীর দীর্ঘদিনের দাবি মেনে এদিন বনগাঁর সাংসদ নিজের একটি নতুন কার্যালয় উদ্বোধন করেন, যা এতদিন বনগাঁর বাইরে যোগাযোগে সমস্যার সমাধান করবে বলে মনে করছেন স্থানীয়রা।