বিহার থেকে আনা বক্সার বাঘিনি সুড়ঙ্গ খুঁড়ে উধাও!

বক্সা থেকে ফের উধাও বাঘিনি, জারি রেড অ্যালার্ট নিজস্ব প্রতিবেদন: বক্সা টাইগার রিজার্ভের বিশেষ এনক্লোজার ভেঙে ফের পালিয়ে গেল তিন বছর বয়সি বাঘিনি। রবিবার দুপুরে বাঘিনিটি উধাও হওয়ার পরই বন দফতরের পক্ষ থেকে এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ঘটনার সূত্রপাত গত ২৭ সেপ্টেম্বর। উত্তরবঙ্গে বাঘের সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে এই বাঘিনিকে ধরে আনা হয়। ৩০ সেপ্টেম্বর বক্সার ২৫ মাইল এলাকার প্রায় সাত বিঘা জমির ওপর তৈরি বিশেষ এনক্লোজারে তাকে রাখা হয়। কিন্তু ৪ অক্টোবর প্রথমবার এনক্লোজার থেকে পালিয়ে সংকোশ নদী পেরিয়ে অসমের রাইমোনা বনাঞ্চলে চলে যায় বাঘিনিটি। দীর্ঘ অভিযানের পর ৩ নভেম্বর অসমের কোকরাঝাড় জেলার ডটমা থেকে পশ্চিমবঙ্গ ও অসমের বন দফতরের যৌথ প্রচেষ্টায় তিনটি কুনকি হাতির সাহায্যে বাঘিনিটিকে কাবু করে ফের বক্সায় ফিরিয়ে আনা হয়। পুনরায় এনক্লোজারে রাখার কয়েক দিনের মধ্যেই রবিবার দুপুরে ফের সে সেখান থেকে পালিয়ে যায়। কীভাবে বারবার এনক্লোজারের নিরাপত্তা ভেঙে বাঘিনিটি পালাচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রাথমিক পর্যবেক্ষণে দেখা গেছে, লোহার জালের নিচ দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে সে বেরিয়ে পড়েছে। বারবার পরিবেশ পরিবর্তনের জেরে বাঘিনিটি অভ্যস্ত হয়ে উঠতে পারছে না কি না, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। ঘটনাটি নিয়ে বন দফতরে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্যের প্রধান মুখ্য বনপাল রাজেশ কুমার জানিয়েছেন, বিষয়টি বনমন্ত্রী দেখছেন। অন্যদিকে, বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ জানিয়েছেন, সংশ্লিষ্ট আধিকারিকরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং এ বিষয়ে আপাতত তিনি কোনো মন্তব্য করবেন না। বাঘিনিটিকে উদ্ধারে ফের তল্লাশি শুরু করেছে বন দফতর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *