কেতুগ্রামে ভৃগুরাম প্রতিষ্ঠিত কালীপুজো, ২১ ফুট প্রতিমায় চলে পুজোর রীতি
প্রায় ৭০০ বছরের প্রাচীন ঐতিহ্য ও রীতি মেনে কেতুগ্রামে সম্পন্ন হয়েছে ভৃগুরাম প্রতিষ্ঠিত কালীপুজো। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, বহুলা পীঠ থেকে আগত সাধক ভৃগুরাম এই পুজোর সূচনা করেছিলেন।
জনশ্রুতি রয়েছে, সাধক ভৃগুরাম এই এলাকার শ্মশানে আস্তানা গেড়ে প্রতিদিন কালীমূর্তি তৈরি করে পুজো করতেন এবং বিসর্জন দিতেন। পরে স্বপ্নাদেশ পেয়ে তিনি একটি সুবিশাল মূর্তি তৈরির সিদ্ধান্ত নেন। সেই থেকেই ২১ ফুট উচ্চতার প্রতিমায় পুজোর রীতি চলে আসছে বলে প্রচলিত।
বর্তমানে ভৃগুরামের বংশধররাই পুজোর দায়িত্ব পালন করেন। ভট্টাচার্য্য পরিবারের সদস্য অনুপ কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন, বংশপরম্পরায় চলে আসা সমস্ত নিয়মকানুন মেনে পুজো সম্পন্ন হয়েছে। এই পুজোয় এখনও বলিদান প্রথা বহাল রয়েছে।
পুজোকে কেন্দ্র করে গ্রামে লক্ষাধিক মানুষের ঢল নামে। পুজো পরিচালনা ও ভিড় সামাল দিতে স্থানীয় বাসিন্দা, পুলিশ প্রশাসন এবং পঞ্চায়েতের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। আয়োজকদের বক্তব্য, বিসর্জনের দিনও লক্ষাধিক মানুষের সমাগম হয়। ভট্টাচার্য্য পরিবারের সদস্যরা জানিয়েছেন, সকলের সহযোগিতায় এ বছরও সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন হয়েছে।