আইসিএসই ও আইএসসি পরীক্ষার সময়সূচি ও নিয়মে বড় বদল, জেনে নিন বিস্তারিত

আগামী বছর আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি ও নিয়মে বড়সড় পরিবর্তন আনল কাউন্সিল। প্রকাশিত সূচি অনুযায়ী, দশম শ্রেণির আইসিএসই পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৩১ মার্চ পর্যন্ত। অন্যদিকে, দ্বাদশ শ্রেণির আইএসসি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ৮ এপ্রিল। এ বছর মোট ৩,৭৯,৯৮০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন, যার মধ্যে আইসিএসই-তে ২,৬৯,৯৫৫ জন এবং আইএসসি-তে ১,১০,০২৫ জন শিক্ষার্থী রয়েছেন। দেশ ও বিদেশের মোট ২,৮৩৫টি কেন্দ্রে এই পরীক্ষাগুলি আয়োজিত হবে।

পরীক্ষার সময়সূচিতেও বিশেষ পরিবর্তন আনা হয়েছে। পরীক্ষার্থীদের সকাল ৯টা ৪৫ মিনিটের মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। সকাল ১০টায় প্রশ্নপত্র দেওয়া হবে এবং ১০টা ১৫ মিনিট থেকে আনুষ্ঠানিকভাবে পরীক্ষা শুরু হবে। প্রশ্নপত্র পড়ার জন্য বরাবরের মতো ১৫ মিনিট সময় পাওয়া যাবে। নতুন জাতীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এ বছরের প্রশ্নপত্র তৈরি করা হয়েছে, যেখানে মুখস্থ বিদ্যার পরিবর্তে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক স্পষ্ট ধারণা ও বাস্তব প্রয়োগভিত্তিক দক্ষতার ওপর জোর দেওয়া হবে।

আইসিএসই পরীক্ষার ক্ষেত্রে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৮ ফেব্রুয়ারি ইংরেজি দ্বিতীয় পত্র, ২২ ফেব্রুয়ারি গণিত এবং ২৬ ফেব্রুয়ারি ইতিহাস ও নাগরিক শাস্ত্রের পরীক্ষা হবে। আইএসসি পরীক্ষার ক্ষেত্রে ৯ ফেব্রুয়ারি পরিবেশ বিজ্ঞান দিয়ে শুরু হবে এবং ১০ ফেব্রুয়ারি ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে। কাউন্সিলের এই নতুন নিয়ম ও সময়সূচি মেনে শিক্ষার্থীদের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *