বরানগরে ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণীর দেহ, খুনের আশঙ্কায় তদন্তে পুলিশ

বরানগরের একটি ফ্ল্যাট থেকে অঞ্জলি সাউ নামে ২৬ বছর বয়সী এক তরুণীর দেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ওই ফ্ল্যাটে যাওয়ার পর থেকেই তরুণীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিকেলে দিদির ফোন না ধরায় প্রতিবেশীদের সন্দেহ হয়। এরপর দরজা ধাক্কা দিয়েও কোনো সাড়া না মেলায় খবর দেওয়া হয় বরানগর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে তরুণীর দেহ উদ্ধার করে স্থানীয় বরানগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, দেহটি শোয়ানো অবস্থায় ছিল এবং শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এই ঘটনার পর থেকেই মৃত্যুর কারণ নিয়ে রহস্য দানা বেঁধেছে। পুলিশ খুনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না। ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই ফ্ল্যাটের মালিক অর্থাৎ মৃতার জামাইবাবুর ভূমিকা খতিয়ে দেখছে। জানা গেছে, ওই ফ্ল্যাটের মালিক ব্যবসার সূত্রে বর্তমানে সপরিবারে শ্রীরামপুরে থাকেন এবং সোমবার রাতে প্রতিবেশীর কাছে ফ্ল্যাটের চাবি রেখে গিয়েছিলেন।

তদন্তের স্বার্থে পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ফুটেজগুলো পর্যবেক্ষণ করে ঘটনার সময় ওই ফ্ল্যাটে কে বা কারা যাতায়াত করেছিল, তা জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে বরানগর থানার পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *