স্বচ্ছ সার্ভেক্ষণ পুরস্কার: পরিচ্ছন্নতার নিরিখে সম্মানিত দেশের একাধিক শহর

নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে দেশের পরিচ্ছন্ন শহরগুলিকে সম্মানিত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। স্বচ্ছ ভারত মিশনের অধীনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল। অনুষ্ঠানে রাষ্ট্রপতি টেকসই পরিচ্ছন্নতা বজায় রাখতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ, আচরণগত পরিবর্তন এবং প্রশাসনিক জবাবদিহিতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

পুরস্কারের তালিকায় সুপার স্বচ্ছ লীগের অধীনে নাভি মুম্বাই, সুরাট এবং বিজয়ওয়াড়া শীর্ষ তিনটি পরিষ্কার শহর হিসেবে স্থান পেয়েছে। দশ লক্ষাধিক জনসংখ্যা বিশিষ্ট শহরগুলির মধ্যে বৃহত্তর বিশাখাপত্তনম মিউনিসিপ্যাল কর্পোরেশন, জবলপুর এবং লখনউ সেরা পারফরমার হিসেবে স্বীকৃতি পেয়েছে। এছাড়া রিভারফ্রন্ট, উপকূলীয় এবং হিমালয় অঞ্চলের শহরগুলির জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে, যেখানে রেওয়া, পুরী এবং রুদ্রপুর নিজ নিজ বিভাগে শীর্ষস্থান অধিকার করেছে। নতুন প্রবর্তিত ‘স্বচ্ছ শেহর জোড়ি’ বিভাগে আহমেদাবাদ এবং সানন্দ প্রথম স্থান অর্জন করেছে।

কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল স্বচ্ছ ভারত মিশনের অগ্রগতির খতিয়ান তুলে ধরে জানান, ২০১৪ সাল থেকে শহুরে বর্জ্য প্রক্রিয়াকরণের হার ১৬ শতাংশ থেকে বেড়ে ৮০ শতাংশে পৌঁছেছে। পাশাপাশি ডোর-টু-ডোর বর্জ্য সংগ্রহের হার ৪৪ শতাংশ থেকে বেড়ে ৯৬ শতাংশ ছাড়িয়েছে। তিনি ‘প্রগতি-৫০’ উদ্যোগের কথাও উল্লেখ করেন, যার লক্ষ্য প্রযুক্তির মাধ্যমে শহরগুলির পরিচ্ছন্নতার ওপর ক্রমাগত নজরদারি চালানো এবং সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *