বাড়িতেই তৈরি করুন সুস্বাদু অমৃতসরি ফিশ ফ্রাই, রইল সহজ রেসিপি
বাঙালি ঘরানায় মাছ ভাজা তো হামেশাই খাওয়া হয়, তবে স্বাদে বদল আনতে বাড়িতেই তৈরি করে নিতে পারেন অমৃতসরি ফিশ ফ্রাই। এই পদটি যেমন সুস্বাদু, তেমনই তৈরি করা বেশ সহজ। রেস্তোরাঁর মতো অমৃতসরি ফিশ ফ্রাই বানাতে প্রয়োজন ভেটকি মাছের ফিলে, বেসন, চালের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জোয়ান, কসুরি মেথি, আদা বাটা, রসুন বাটা এবং কাঁচালঙ্কা বাটা।
প্রথমে একটি পাত্রে বেসন, চালের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, হলুদ, জোয়ান ও কসুরি মেথি ভালো করে মিশিয়ে নিন। এরপর এই মিশ্রণে ভেটকি মাছের ফিলেগুলো দিয়ে দিন। এতে আদা, রসুন ও কাঁচালঙ্কা বাটা মিশিয়ে মাছের গায়ে মশলা ভালো করে মাখিয়ে নিন। ম্যারিনেশনের জন্য এই মিশ্রণটি ১০ থেকে ১৫ মিনিট রেখে দিন।
এবার কড়াইতে পর্যাপ্ত তেল গরম করুন। আঁচ মাঝারি রেখে ম্যারিনেট করা মাছের টুকরোগুলি একে একে তেলে ছেড়ে দিন। মাছের দুই দিক সোনালি ও মুচমুচে করে ভেজে তুলে নিন। গরম গরম অমৃতসরি ফিশ ফ্রাই পরিবেশনের সময় সঙ্গে রাখুন পেঁয়াজ কুচি, লেবুর টুকরো এবং পুদিনার চাটনি। বিকেলের আড্ডায় এই পদটি দারুণ জমে উঠবে।