করিনার লকেট বিতর্ক: আইনি নোটিস নিয়ে সরব তসলিমা নাসরিন
দীপাবলির উৎসবে ভোপালের নবাব পরিবারের একটি প্রাচীন পান্নার লকেট পরেছিলেন অভিনেত্রী করিনা কাপুর। সেই লকেটে কোরানের পবিত্র ‘আয়াতুল কুরসি’ খোদাই করা থাকায় তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এক মুসলিম নেতা এই গয়না পরা নিয়ে আপত্তি জানিয়ে অভিনেত্রীকে আইনি নোটিস পাঠিয়েছেন। নোটিসে দাবি করা হয়েছে, করিনা যেন অবিলম্বে ওই ছবি সোশাল মিডিয়া থেকে সরিয়ে ফেলেন এবং প্রকাশ্যে ক্ষমা চান। অন্যথায় আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই সোশাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন লেখিকা তসলিমা নাসরিন। তিনি ওই মুসলিম নেতার সমালোচনা করে প্রশ্ন তুলেছেন, লকেট গলায় পরলে তা বুকের কাছেই থাকবে, এতে আপত্তির কী আছে? তসলিমা কটাক্ষ করে লিখেছেন, নারীর শরীরও আল্লাহর সৃষ্টি, তবে কেন শুধু বুকের খাঁজ বা ক্লিভেজ নিয়ে এত রক্ষণশীলতা? তিনি সরাসরি প্রশ্ন করেছেন, অক্ষরের সম্মান বাঁচাতে গিয়ে একজন নারীকে কেন হেনস্থা করা হবে?
লেখিকার মতে, নারীর শরীরের কাছে গেলেই যদি পবিত্রতা নষ্ট হওয়ার ভয় থাকে, তবে সেই ধারণার মধ্যেই নারীর প্রতি ঘৃণা লুকিয়ে আছে। অন্যের বিশ্বাসের দায় একজন নারী কেন নেবেন, তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তসলিমা নাসরিন স্পষ্ট জানিয়েছেন, করিনা কাপুরের ক্ষমা চাওয়ার কোনো কারণ নেই। বরং নারীর সাজপোশাক নিয়ে যারা নজরদারি চালান, তাদেরই মানসিকতার পরিবর্তন প্রয়োজন বলে তিনি মনে করেন।