স্বাস্থ্য সহায়িকাদের বদলি নিয়ে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

স্বাস্থ্য সহায়িকাদের বদলি সংক্রান্ত একটি মামলার নিষ্পত্তি করে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রিশাদ মেডোরা জানিয়েছেন, চাকরিতে তিন বছর পূর্ণ হয়নি—শুধুমাত্র এই কারণ দেখিয়ে কোনো স্বাস্থ্য সহায়িকার বদলির আবেদন খারিজ করা যাবে না। তিন বছর পূর্ণ হওয়ার আগেই তাঁরা বদলির জন্য আবেদন জানাতে পারবেন। অনলাইন পোর্টালে আবেদন করা না গেলে অফলাইনেও তা জমা দেওয়ার সুযোগ থাকবে।

আদালত স্পষ্ট করেছে যে, বদলির আবেদনের ক্ষেত্রে একটি শর্ত পূরণ করতে হবে। সংশ্লিষ্ট স্বাস্থ্য সহায়িকা যে স্বাস্থ্যকেন্দ্র থেকে বদলি হতে চাইছেন, সেখানে তাঁর পরিবর্তে একজন রিলিভার বা বিকল্প কর্মী নিশ্চিত করতে হবে। বিকল্প কর্মী পাওয়ার পরই বদলির আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। রাজ্যের তরফে যুক্তি দেওয়া হয়েছিল যে, এক জেলা থেকে কর্মী সরিয়ে নিলে স্বাস্থ্য পরিষেবায় বিঘ্ন ঘটতে পারে। তবে আদালত উভয়পক্ষের সওয়াল শুনে এই নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য, এর আগে স্বাস্থ্য সহায়িকাদের বদলির আবেদন স্বাস্থ্য অধিকর্তা খারিজ করে দিয়েছিলেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলাকারীরা হাইকোর্টের দ্বারস্থ হন। মামলাকারীদের অভিযোগ ছিল, নিজেদের জেলায় পদ ফাঁকা থাকা সত্ত্বেও স্বাস্থ্য দফতর তাঁদের বদলির আবেদন বিবেচনা করেনি। আদালতের এই নির্দেশের ফলে এখন থেকে তিন বছরের শর্ত শিথিল করে বদলির আবেদন করার পথ প্রশস্ত হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *