কুলগামে সিআরপিএফ চেকপোস্টে হামলার দুদিন আগে কিশোরের হুমকি, তদন্তে নিরাপত্তা বাহিনী

জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের কাছে কুলগামের মীরবাজার এলাকায় সিআরপিএফ চেকপোস্টে হামলার দুদিন আগে এক কিশোর জওয়ানদের হুমকি দিয়েছিল বলে জানা গেছে। নিরাপত্তা সংস্থা সূত্রে খবর, গত সোমবার আনুমানিক ১৫-১৬ বছর বয়সি এক কিশোর চেকপোস্টে এসে জওয়ানদের উদ্দেশে হিন্দিতে বলে, ‘হাম তুমহে ছোড়েঙ্গে নেহি’। জওয়ানরা প্রথমে এটিকে ছেলেমানুষি ভেবে গুরুত্ব না দিলেও, বুধবার দুপুরে ওই চেকপোস্টে সশস্ত্র জঙ্গিরা অতর্কিতে হামলা চালায়। বর্তমানে ওই কিশোরের পরিচয় এবং জঙ্গিদের সঙ্গে তার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

বুধবার দুপুর ২টো ১৫ মিনিট নাগাদ ঘন জঙ্গলঘেরা এলাকা থেকে দুই জঙ্গি হেঁটে এসে চেকপোস্টে এলোপাথাড়ি গুলি চালায়। হামলায় তিন সিআরপিএফ জওয়ান গুলিবিদ্ধ হন, যাদের দ্রুত অনন্তনাগের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অবস্থাতেও জওয়ানরা অসীম সাহসিকতার পরিচয় দিয়ে পাল্টা গুলি চালালে জঙ্গিরা নওপুরের দিকে পালিয়ে যায়। জওয়ানদের প্রতিরোধের মুখে পড়ে জঙ্গিদের বড়সড় নাশকতার ছক ব্যর্থ হয়েছে বলে মনে করা হচ্ছে।

তদন্তকারীদের সন্দেহ, এই হামলার নেপথ্যে লস্কর-ই-তৈবার স্থানীয় কমান্ডার মহম্মদ লতিফ ভাটের হাত থাকতে পারে। ঘটনাস্থল থেকে একটি মটোরোলা মোবাইল ফোন ও একটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। হামলাকারীদের চিহ্নিত করতে আশপাশের বাণিজ্যিক প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হচ্ছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *