মুসুর ডাল দিয়ে তৈরি করুন পুষ্টিকর ও সুস্বাদু স্যালাড
সাধারণ মুসুর ডাল দিয়ে বাড়িতেই তৈরি করা সম্ভব পুষ্টিকর ও সুস্বাদু স্যালাড। এই পদটি তৈরি করতে প্রয়োজন এক কাপ গোটা মুসুর ডাল, দুই টেবিল চামচ আখরোট কুচি, দুই টেবিল চামচ শুকনো ক্র্যানবেরি, আধ কাপ শসা ও গাজর কুচি, একটি ছোট পেঁয়াজ কুচি, এক টেবিল চামচ লেবুর রস, এক টেবিল চামচ অলিভ অয়েল এবং পরিমাণমতো নুন, গোলমরিচ ও ধনেপাতা।
প্রথমে মুসুর ডাল ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিতে হবে। ডাল সেদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে যেন তা গলে না যায়। সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে ডালটি পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এরপর একটি বড় পাত্রে সেদ্ধ ডাল, শসা, গাজর, পেঁয়াজ, আখরোট ও ক্র্যানবেরি একসঙ্গে মিশিয়ে নিতে হবে।
সবশেষে মিশ্রণটির ওপর অলিভ অয়েল, লেবুর রস, নুন ও গোলমরিচ ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। পরিবেশনের আগে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে স্বাস্থ্যকর এই স্যালাড। এটি যেমন সুস্বাদু, তেমনই পুষ্টিগুণে ভরপুর।