পদ্মা নদীর তলদেশের তার ছিঁড়ে বিদ্যুৎহীন ৩৫টি গ্রাম, অন্ধকারে ১০ হাজার মানুষ
পদ্মা নদীর তলদেশ দিয়ে যাওয়া বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় গত পাঁচ মাস ধরে অন্ধকারে ডুবে রয়েছে প্রায় ৩৫ থেকে ৪০টি গ্রাম। ২০২১ সালে ঢাকা থেকে পদ্মা নদীর তলদেশ দিয়ে প্রায় চার কিলোমিটার দীর্ঘ তার টেনে এই অঞ্চলকে বিদ্যুৎ গ্রিডের আওতায় আনা হয়েছিল। তৎকালীন সরকারের শতভাগ বিদ্যুতায়ন প্রকল্পের মাধ্যমে প্রথমবার বিদ্যুৎ পরিষেবা পেয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু সেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বর্তমানে চরম সংকটের মুখে পড়েছেন সাধারণ মানুষ।
বিদ্যুৎহীনতার কারণে ১০ হাজারের বেশি মানুষ গত পাঁচ মাস ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। ঘরবাড়িতে থাকা পাখা, ফ্রিজ কিংবা টেলিভিশন অচল হয়ে পড়ে আছে। বর্তমানে মোমবাতি বা হারিকেনের আলোই ভরসা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ছোট শিশুদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ না থাকায় দৈনন্দিন জীবনযাত্রা পুরোপুরি থমকে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
শুধু গৃহস্থালি নয়, এলাকার ছোট দোকানদার, ক্ষুদ্র ব্যবসায়ী এবং কৃষকরাও তাদের জীবিকা নিয়ে সংকটে পড়েছেন। দীর্ঘ সময় ধরে এই পরিস্থিতি চলায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান করে জনজীবন স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।