হিমাচলে মহিলাদের জন্য মাসিক ১৫০০ টাকা ও ৩০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ ঘোষণা

হিমাচল প্রদেশ সরকার রাজ্যের মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে ‘ইন্দিরা গান্ধী সুখ সম্মান নিধি’ প্রকল্পের অনুমোদন দিয়েছে। এই প্রকল্পের আওতায় রাজ্যের ১৮ থেকে ৫৯ বছর বয়সি যোগ্য মহিলারা এখন থেকে প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। কংগ্রেসের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।

পাশাপাশি রাজ্যের প্রায় ১ লক্ষ চরম দরিদ্র ও অর্থনৈতিকভাবে অসচ্ছল পরিবারকে স্বস্তি দিতে প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। এছাড়া সাধারণ গার্হস্থ্য গ্রাহকদের জন্য প্রচলিত ১২৫ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবাও আগের মতোই বহাল রাখা হয়েছে।

বেকার যুবকদের কর্মসংস্থানের বিষয়টিও সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে। সরকারি দপ্তরগুলিতে শূন্য পদ পূরণ এবং নতুন কাজের সুযোগ সৃষ্টির পথ প্রশস্ত করা হয়েছে। কোষাগার, হিসাব এবং লটারি বিভাগে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট ও মাল্টি-টাস্ক ওয়ার্কারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নতুন পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে। ধর্মশালার তপোভনে আসন্ন শীতকালীন অধিবেশনকে সামনে রেখে সরকারের এই জনমুখী সিদ্ধান্তগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *