উত্তরবঙ্গে শুরু সন্দীপ রায়ের নতুন ছবির শুটিং, সত্যজিতের চার গল্প নিয়ে পর্দায় রহস্যের হাতছানি
সত্যজিৎ রায়ের চারটি জনপ্রিয় ছোটগল্প নিয়ে নতুন চলচ্চিত্র নির্মাণের কাজ শুরু করলেন পরিচালক সন্দীপ রায়। এই ছবির জন্য বেছে নেওয়া হয়েছে ‘খগম’, ‘বাতিক বাবু’, ‘ভুতো’ এবং ‘নীল আতঙ্ক’ গল্পগুলি। প্রতিটি গল্পের প্রেক্ষাপট ও রহস্যের ধরণ ভিন্ন হওয়ায় দর্শকদের জন্য এক নতুন অভিজ্ঞতার প্রতিশ্রুতি থাকছে এই প্রজেক্টে। শুক্রবার থেকে উত্তরবঙ্গে ছবিটির শুটিং শুরু হয়েছে।
এই ছবির অন্যতম প্রধান আকর্ষণ সত্যজিৎ রায়ের হরর ঘরানার গল্প ‘খগম’। এই গল্পে কথকের ভূমিকায় অভিনয় করছেন শুভ্রজিৎ দত্ত। এছাড়া ধূর্জটি বাবুর চরিত্রে শুভাশিস মুখোপাধ্যায় এবং রহস্যময় ইমলিবাবার চরিত্রে বরুণ চক্রবর্তীকে দেখা যাবে। ইমলিবাবার পোষা কেউটে ‘বালকিষণ’ চরিত্রটিও গল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে থাকছে।
ছবিতে অভিনয় করছেন টলিউডের একঝাঁক তারকা। শুভাশিস ও শুভ্রজিৎ ছাড়াও এই তালিকায় রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, সুপ্রিয় দত্ত, কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, সাহেব চট্টোপাধ্যায় এবং কৌশিক বন্দ্যোপাধ্যায়ের মতো অভিজ্ঞ অভিনেতারা। বাংলা চলচ্চিত্রের এই হেভিওয়েট তারকাদের সমাবেশ সত্যজিতের গল্পগুলিকে বড় পর্দায় এক নতুন মাত্রা দেবে বলে আশা করা হচ্ছে।