রেলের আরএসি (RAC) ব্যবস্থা নিয়ে নতুন করে চিন্তাভাবনা, বদল আসতে পারে নিয়মে

দীর্ঘদিন ধরে চলে আসা ট্রেনের আরএসি (RAC) ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু করেছে রেল মন্ত্রক। বর্তমানে আরএসি টিকিটের ক্ষেত্রে দুজন যাত্রীকে একটি সিট ভাগ করে নিতে হয়, অথচ তাদের কাছ থেকে পুরো ভাড়াই নেওয়া হয়। এই বিষয়টি নিয়ে যাত্রীদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে। রেলের এক আধিকারিকের মতে, একটি সিট ভাগ করে নেওয়ার ফলে যাত্রীরা যেমন অসুবিধায় পড়েন, তেমনই টিকিট পরীক্ষকদেরও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে যখন একজন পুরুষ ও একজন মহিলাকে একই সিটে জায়গা দেওয়া হয়, তখন তা বেশ অস্বস্তিকর হয়ে ওঠে।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সংসদের পাবলিক অ্যাকাউন্ট কমিটি এই বিষয়ে একটি রিপোর্ট পেশ করে। সেখানে আরএসি যাত্রীদের কাছ থেকে পুরো ভাড়া নেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। কমিটির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে যে, যেহেতু আরএসি যাত্রীরা পুরো বার্থের সুবিধা পান না, তাই তাদের ভাড়ার একটি অংশ ফেরত দেওয়া উচিত। এই সুপারিশের পরেই রেল মন্ত্রক বিষয়টি নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু করেছে।

উল্লেখ্য, আরএসি ব্যবস্থাটি অনেক পুরনো। সেই সময় হাতে কলমে কাজ হতো এবং নিয়ম ছিল যে, অন্য কোনো বার্থ খালি হলে আরএসি যাত্রীদের একজনকে সেখানে স্থানান্তরিত করা হবে। কিন্তু বর্তমানে ট্রেনের টিকিটের চাহিদা অত্যধিক বেড়ে যাওয়ায় সেই সুযোগ আর থাকছে না। এই বাস্তব পরিস্থিতির কথা মাথায় রেখেই রেল কর্তৃপক্ষ এখন নতুন কোনো ব্যবস্থার দিকে এগোতে চাইছে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *