শান্তিনিকেতনে পুলিশের ওপর দুষ্কৃতীর গুলি, জখম কনস্টেবল

শান্তিনিকেতন থানার লায়েকবাজার এলাকায় এক অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তকে আটক করার সময় সে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। এক পর্যায়ে ওই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায়। এই ঘটনায় বিশ্বজিৎ দাস নামে এক কনস্টেবল বাঁ পায়ের হাঁটুতে গুলিবিদ্ধ হন। অভিযুক্তকে হাতেনাতে ধরার চেষ্টা করলেও সে বন্দুক উঁচিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

গুলিবিদ্ধ কনস্টেবলকে দ্রুত উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়েই এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং ঘটনাস্থল থেকে গুলির খোল উদ্ধার করা হয়েছে। পলাতক দুষ্কৃতীর খোঁজে বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে গোটা এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে। তবে ঠিক কী অপরাধে ওই ব্যক্তিকে ধরতে পুলিশ অভিযান চালিয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বোলপুর এলাকায় একাধিক অপরাধমূলক ঘটনা ও অস্ত্রবাজির জেরে জনমনে আতঙ্ক ছড়িয়েছে। গত ২৭ সেপ্টেম্বর লায়েকবাজার সংলগ্ন এলাকায় এক রাজনৈতিক নেতাকে গুলি করে খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই খোদ পুলিশের ওপর হামলার ঘটনায় স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। এই বিষয়ে বীরভূমের পুলিশ সুপারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *