বিশ্বজুড়ে মাইক্রোসফটের পরিষেবা বিভ্রাট, সাইবার হামলার সম্ভাবনা উড়িয়ে দিল সংস্থা
বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মাইক্রোসফটের পরিষেবা বিভ্রাটের জেরে বিশ্বজুড়ে ব্যাপক সমস্যার সম্মুখীন হন ব্যবহারকারীরা। ডাউনডিকেক্টরের তথ্য অনুযায়ী, এই বিভ্রাটের প্রভাব মোট ৭৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। মাত্র এক ঘণ্টার মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ব্যবহারকারী পরিষেবা বিঘ্নিত হওয়ার অভিযোগ জানান। মূলত ইমেল অ্যাকাউন্টে লগইন করতে সমস্যা এবং ইমেল পৌঁছাতে দেরি হওয়ার মতো জটিলতার কথা উঠে আসে।
শুক্রবার মাইক্রোসফটের পক্ষ থেকে জানানো হয়েছে, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বেশ কিছু এলাকায় পরিষেবা পুনরুদ্ধারের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে ট্র্যাফিক স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে, যার ফলে সমস্যার তীব্রতা অনেকটাই কমেছে। তবে কিছু ব্যবহারকারী এখনও বিচ্ছিন্নভাবে অসুবিধার সম্মুখীন হচ্ছেন বলে সংস্থাটি স্বীকার করেছে। পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে বলে জানানো হয়েছে।
এই হঠাৎ বিভ্রাটের পেছনে কোনো সাইবার হামলার হাত রয়েছে কি না, তা নিয়ে ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে মাইক্রোসফট স্পষ্টভাবে জানিয়েছে, এই ঘটনার সঙ্গে কোনো সাইবার হামলা, হ্যাকিং বা নিরাপত্তা সংক্রান্ত অপরাধের যোগ নেই। সংস্থার শীর্ষ আধিকারিকরা নিশ্চিত করেছেন যে এটি কোনো ম্যালিশিয়াস ঘটনা নয়। বর্তমানে বিভ্রাটের মূল কারণ খতিয়ে দেখছে মাইক্রোসফট কর্তৃপক্ষ।