বিনামূল্যে আইনি সহায়তা দিতে ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে চালু হলো প্রো বোনো ক্লাব
ব্রেনওয়্যার ইউনিভার্সিটি সম্প্রতি তাদের ক্যাম্পাসে একটি ‘প্রো বোনো ক্লাব’ চালু করেছে। সাধারণ মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে এই বিশেষ উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। এই ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে ডিস্ট্রিক্ট জজ সুকুমার রায়-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মূলত রাজ্যের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষ, যারা আইনি জটিলতার কারণে নিজেদের অধিকার থেকে বঞ্চিত হন, তাদের পাশে দাঁড়ানোই এই ক্লাবের মূল উদ্দেশ্য।
অনেক মানুষ আইনি প্রক্রিয়ার জটিলতা বা আদালতের ভয়ে নিজেদের ন্যায্য অধিকার দাবি করতে পারেন না। এই কর্মসূচির মাধ্যমে সেই সমস্ত অসহায় মানুষদের আইনি সচেতনতা বৃদ্ধি করা হবে এবং তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। এর ফলে সাধারণ মানুষ যেমন উপকৃত হবেন, তেমনই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পড়ুয়ারাও হাতেকলমে আইনি কাজ শেখার ও প্র্যাকটিস করার সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই ক্লাবের কার্যক্রমে পড়ুয়াদের পাশাপাশি মহকুমা, জেলা ও রাজ্য স্তরের অভিজ্ঞ আইনজীবীরাও যুক্ত থাকবেন। তাদের তত্ত্বাবধানে বিচারপ্রার্থীদের সঠিক আইনি পরামর্শ ও সহায়তা প্রদান করা হবে। আইন শিক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনের এই যৌথ প্রয়াস আগামী দিনে রাজ্যের বহু অসহায় মানুষকে ন্যায়বিচার পেতে বিশেষভাবে সাহায্য করবে বলে আশা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।