ভারতে দূষণজনিত স্বাস্থ্যবিমার দাবি তিন বছরে ৪.৩ গুণ বৃদ্ধি
ভারতে গত তিন বছরে দূষণ-সম্পর্কিত স্বাস্থ্যবিমার দাবি ৪.৩ গুণ বৃদ্ধি পেয়েছে। পলিসিবাজারের তথ্য অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৬ অর্থবর্ষের মধ্যে এই বৃদ্ধির হার উল্লেখযোগ্য। বিশেষত কর্মজীবী মানুষের মধ্যে এই ধরনের স্বাস্থ্যবিমার দাবি করার প্রবণতা সবচেয়ে বেশি দেখা গিয়েছে। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, দূষণজনিত অসুস্থতার কারণে চিকিৎসার খরচের দাবি শুধু শ্বাসতন্ত্রের সমস্যার মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং হৃদরোগজনিত অসুস্থতার হার এতে সবচেয়ে বেশি, যা মোট দাবির ৪৩.৫ শতাংশ।
পরিসংখ্যান অনুযায়ী, শ্বাসতন্ত্রের সংক্রমণের জন্য ৩৫ শতাংশ, নিউমোনিয়ার জন্য ১১.২ শতাংশ এবং ব্রঙ্কাইটিসের জন্য ৬ শতাংশ বিমার দাবি নথিভুক্ত হয়েছে। বয়সের ভিত্তিতে ৩১ থেকে ৫৫ বছর বয়সী কর্মজীবীদের মধ্যে এই দাবির হার ৫৯ শতাংশ। এছাড়া ৫৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই হার ৩১ শতাংশ। ২১ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে ৬.৭ শতাংশ এবং ২০ বছরের কম বয়সীদের মধ্যে ৩ শতাংশ দাবি লক্ষ্য করা গেছে।
শহরভিত্তিক তথ্যে দেখা গেছে, দূষণজনিত স্বাস্থ্যবিমার দাবি সবচেয়ে বেশি দিল্লিতে। এরপরেই রয়েছে পুনে, বেঙ্গালুরু, মুম্বাই এবং হায়দরাবাদ। তবে এই প্রভাব কেবল বড় শহরগুলিতেই সীমাবদ্ধ নেই, টিয়ার-২ এবং টিয়ার-৩ শহরগুলি থেকে সম্মিলিতভাবে ৫৫ শতাংশ দাবি এসেছে। এছাড়া ঋতুভিত্তিক প্রবণতায় দেখা গেছে, অক্টোবর থেকে মার্চের মধ্যে দূষণজনিত স্বাস্থ্যবিমার দাবি সবচেয়ে বেশি, যা মোট দাবির প্রায় ৫৬ শতাংশ। অধিক দূষিত শহরের ৪৮ শতাংশ গ্রাহক বাড়তি সুরক্ষার জন্য উচ্চমূল্যের স্বাস্থ্যবিমা কভারেজ বেছে নিয়েছেন।