মুম্বাইয়ে ছঠ পুজো নিয়ে বিতর্ক, ক্ষোভ প্রকাশ করলেন ভোজপুরি তারকা খেসারি লাল যাদব

মুম্বাইয়ের বিভিন্ন সমুদ্র সৈকতে ছঠ পুজো পালনের অনুমতি দেওয়া নিয়ে মহারাষ্ট্রে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা বা এমএনএস-এর পক্ষ থেকে এই উৎসব পালনের ওপর আপত্তি তোলা হয়েছে। এমনকি যেসব স্থানে ইতিমধ্যে পুজোর অনুমতি দেওয়া হয়েছে, তা অবিলম্বে প্রত্যাহার করার দাবিও জানিয়েছে দলটি। এই ঘটনাকে কেন্দ্র করে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।

এই পরিস্থিতিতে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন ভোজপুরি সুপারস্টার খেসারি লাল যাদব। সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে তিনি প্রশ্ন তুলেছেন, বিহারীদের কি তবে কোনো মর্যাদা নেই? ছঠ পুজো হিন্দুদের উৎসব হওয়া সত্ত্বেও কেন বারবার তাদের সংস্কৃতিকে নিশানা করা হয়, তা নিয়েও তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। এই ধরনের ঘটনা সাধারণ মানুষের মনে গভীর আঘাত দিচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

বিতর্কের আবহে খেসারি লাল যাদব ভোজপুরি ইন্ডাস্ট্রির চার হেভিওয়েট তারকা ও সাংসদ পবন সিং, রবি কিষাণ, দিনেশ লাল যাদব ‘নিরহুয়া’ এবং মনোজ তিওয়ারির প্রতি বিশেষ বার্তা দিয়েছেন। উত্তর ভারত ও বিহারের মানুষের এই অপমান এবং তাদের অধিকার রক্ষার লড়াইয়ে এই তারকা-রাজনীতিবিদদের এগিয়ে এসে আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন তিনি। ছঠের মতো পবিত্র উৎসব নিয়ে এই ধরনের রাজনীতি বন্ধের দাবি জানিয়েছেন ভোজপুরি এই তারকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *