বাড়িতে কতটা সোনা রাখা বৈধ? জেনে নিন আয়কর দপ্তরের নিয়ম
ভারতীয় পরিবারে বিনিয়োগের অন্যতম মাধ্যম হিসেবে সোনা অত্যন্ত জনপ্রিয়। অনেকেই দীর্ঘ সময় ধরে অল্প অল্প করে সোনা জমিয়ে রাখেন। তবে বাড়িতে কত পরিমাণ সোনা রাখা আইনত বৈধ, তা নিয়ে অনেকেরই স্পষ্ট ধারণা নেই। আয়কর আইন অনুযায়ী, বাড়িতে সোনা রাখার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ঊর্ধ্বসীমা নেই। তবে সেই সোনা কেনার অর্থের উৎস বা আয়ের প্রমাণ থাকা জরুরি।
সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT)-এর নির্দেশিকা অনুযায়ী, একজন বিবাহিত মহিলা সর্বোচ্চ ৫০০ গ্রাম এবং অবিবাহিত মহিলা ২৫০ গ্রাম পর্যন্ত সোনার গয়না রাখতে পারেন। পুরুষদের ক্ষেত্রে এই সীমা বিবাহিত বা অবিবাহিত নির্বিশেষে সর্বোচ্চ ১০০ গ্রাম। নির্দিষ্ট সীমার মধ্যে সোনা থাকলে আয়কর দপ্তর সাধারণত কোনো প্রশ্ন করে না, তবে সন্দেহজনক মনে হলে তারা আয়ের উৎস জানতে চাইতে পারে।
সোনা কেনার সময় দোকানের পাকা বিল, উপহারের নথি বা আয়ের উৎসের প্রমাণপত্র যত্ন করে রাখা প্রয়োজন। এছাড়া সোনা কেনাবেচার ক্ষেত্রেও আয়কর আইনের ২৬৯ এসটি ধারা মেনে চলা বাধ্যতামূলক। এই নিয়ম অনুযায়ী, কোনো পরিস্থিতিতেই ২ লক্ষ টাকা বা তার বেশি নগদ অর্থ লেনদেন করা যাবে না। তাই ২ লক্ষ টাকার বেশি মূল্যের সোনা কেনার ক্ষেত্রে নগদ লেনদেনের পরিবর্তে ডিজিটাল বা অন্যান্য বৈধ মাধ্যম ব্যবহার করা জরুরি।