ট্রেলার নিয়ে বিতর্কের মুখে সলমন খানের ‘মাতৃভূমি’, সমালোচকদের কড়া জবাব অভিনেতার

মুক্তির আগেই বিতর্কের মুখে পড়েছে সলমন খান অভিনীত ছবি ‘মাতৃভূমি’। ছবির ট্রেলার প্রকাশের পর থেকেই ভিএফএক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ব্যবহার নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে নানা সমালোচনা। ট্রেলারের কয়েকটি দৃশ্যের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ। এই পরিস্থিতিতে সমালোচকদের উদ্দেশ্যে সলমন খান স্পষ্ট জানিয়েছেন, পুরো ছবি না দেখে আগেভাগে কোনো সিদ্ধান্তে আসা ঠিক নয়।

সম্প্রতি হায়দরাবাদে ছবির প্রচারে গিয়ে অভিনেতা বলেন, ট্রেলার দেখেই অনেকে ছবির বিষয়বস্তু নিয়ে চূড়ান্ত মত তৈরি করে ফেলছেন, অথচ অল্প সময়ের ঝলকে পুরো সিনেমার গল্প বোঝা সম্ভব নয়। তিনি ইংরেজি প্রবাদ ‘নেভার জাজ আ বুক বাই ইটস কভার’-এর কথা উল্লেখ করে জানান, আগামী ৪ ডিসেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেলে তবেই দর্শকদের আসল মতামত তৈরি করা উচিত। সলমনের মতে, ছবির মূল আবেগ এবং গল্পটিকে গুরুত্ব না দিয়ে অনেকেই প্রযুক্তিগত দিক নিয়ে বেশি চর্চা করছেন।

অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিতে সলমনের বিপরীতে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। ২০২০ সালে পূর্ব লাদাখের গলওয়ান উপত্যকায় ভারত ও চিনের সেনার সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে এই সিনেমার কাহিনি। শিব অরুরের লেখা বই ‘ইন্ডিয়াজ মোস্ট ফিয়ারলেস’-এর একটি অধ্যায় থেকেও অনুপ্রেরণা নেওয়া হয়েছে। দেশের সেনা এবং তাঁদের পরিবারের আবেগকে পর্দায় তুলে ধরাই নির্মাতাদের মূল লক্ষ্য। এখন বড় পর্দায় ছবিটি দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে, সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *