ডায়মন্ড হারবারের আইসি বদল, রদবদল পুলিশ প্রশাসনে

রাজ্য পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করা হয়েছে। নবান্নের নির্দেশিকায় ডায়মন্ড হারবার থানার আইসি প্রসেনজিৎ করকে বদলি করা হয়েছে পূর্ব মেদিনীপুরে। তিনি সেখানে ডিআইবি ইন্সপেক্টর পদে যোগ দেবেন। তাঁর জায়গায় ডায়মন্ড হারবার থানার নতুন আইসি হিসেবে দায়িত্ব নিচ্ছেন সঞ্জয় দে, যিনি এতদিন হাওড়া জিআরপির ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। এই রদবদলকে প্রশাসনের তরফে রুটিন বদল বলেই অভিহিত করা হয়েছে।

পুলিশের এই নির্দেশিকায় আরও বেশ কয়েকজন আধিকারিকের দায়িত্ব পরিবর্তন করা হয়েছে। সিআইডির ইন্সপেক্টর গৌতম সাহাকে দক্ষিণ ২৪ পরগনার নোদাখালির আইসি করা হয়েছে। এছাড়া বজবজ থানার আইসি পদে পাঠানো হয়েছে বাসুদেব সরকারকে। বজবজের প্রাক্তন আইসি নিরুপম মণ্ডলকে বীরভূমের ডিআইবি ইন্সপেক্টর পদে বদলি করা হয়েছে। পাশাপাশি, ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুজালি থানার আইসি সোমনাথ দের আগের পোস্টিং বাতিল করে তাঁকে ওই থানাতেই বহাল রাখা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ডায়মন্ড হারবারের সরিষায় তৃণমূলের দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধারের ঘটনায় আইসি প্রসেনজিৎ করের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় সরিষার ঘটনায় মিথ্যা মামলা সাজানোর অভিযোগ তুলেছিলেন আইসির বিরুদ্ধে। এই ঘটনার পরেই আইসির বদলিকে কেন্দ্র করে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *