পুরানো সোয়েটারের রোঁয়া দূর করে নতুনের মতো ঝকঝকে করার সহজ উপায়
নভেম্বরের শেষে শীতের আমেজ শুরু হতেই আলমারি থেকে বেরিয়ে এসেছে প্রিয় সোয়েটার। তবে দীর্ঘ সময় তুলে রাখার ফলে অনেক ক্ষেত্রেই শীতপোশাকে রোঁয়া উঠে যায়, যা পোশাকের সৌন্দর্য নষ্ট করে। এই সমস্যা সমাধানে খুব সাধারণ কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করলেই সোয়েটারকে ফের নতুনের মতো করে তোলা সম্ভব।
সোয়েটার কাচার সময় অতিরিক্ত ক্ষারযুক্ত সাবান ব্যবহার না করে হালকা সাবান বা শ্যাম্পু ব্যবহার করা ভালো। শীতপোশাকের উল নরম রাখতে ধোয়ার সময় জলে সামান্য হোয়াইট ভিনিগার মিশিয়ে নিতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় যদি শীতপোশাক ড্রাইওয়াশ করা যায়। এছাড়া বাজারে পাওয়া যায় ফ্যাব্রিক শেভার, যা ইলেকট্রিক রেজারের মতো কাজ করে। শক্ত জায়গায় সোয়েটার রেখে সাবধানে এটি ব্যবহার করলে রোঁয়া সহজেই উঠে যায়।
ফ্যাব্রিক শেভার না থাকলে লিন্ট রোলার বা সাধারণ সেলোটেপ ব্যবহার করেও রোঁয়া পরিষ্কার করা যায়। আঠালো লিন্ট রোলার বা সেলোটেপ সোয়েটারের ওপর লাগিয়ে টেনে তুললে রোঁয়া উঠে আসে। এছাড়া পা ফাটা দূর করার জন্য ব্যবহৃত পিউমিক স্টোন দিয়েও আলতো করে ঘষে সোয়েটারের রোঁয়া পরিষ্কার করা সম্ভব। এই সহজ কৌশলগুলো মেনে চললে আপনার সাধের শীতপোশাক থাকবে নতুনের মতো ঝকঝকে।