টানা বৃষ্টিতে জলমগ্ন আলুর জমি, মাথায় হাত পূর্ব বর্ধমানের চাষিদের

টানা বৃষ্টির জেরে পূর্ব বর্ধমান জেলার বিস্তীর্ণ এলাকার আলুর জমি এখন কার্যত জলের তলায়। ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে শক্তিগড় ও গাংপুর-সহ বিভিন্ন এলাকায় চাষিরা ইতিমধ্যেই পোকরাজ প্রজাতির আলুর বীজ রোপণ করেছিলেন। কিন্তু জমিতে জল জমে থাকায় সদ্য রোপণ করা সেই বীজ পচে যাওয়ার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। জল না নামলে নতুন করে বীজ রোপণের প্রয়োজন পড়বে বলে জানিয়েছেন কৃষকরা।

যেসব জমি আলু চাষের জন্য প্রস্তুত করা হয়েছিল, বৃষ্টির কারণে সেখানেও চাষের কাজ থমকে গিয়েছে। চাষিদের হিসেব অনুযায়ী, এক বিঘা জমিতে আলু চাষ করতে গড়ে ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ হয়। নতুন করে বীজ রোপণ করতে হলে এই খরচের পরিমাণ আরও অনেকটাই বেড়ে যাবে, যা তাঁদের আর্থিক অবস্থার ওপর বড় প্রভাব ফেলবে।

গত কয়েক বছর ধরে অতিরিক্ত উৎপাদনের জেরে হিমঘরে আলু মজুত থাকা এবং বাজারে দাম না পাওয়ার কারণে এমনিতেই লোকসানের মুখে রয়েছেন চাষিরা। মরশুমের শুরুতেই প্রকৃতির এই খামখেয়ালিপনায় নতুন করে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কায় দিন গুনছেন পূর্ব বর্ধমানের আলুচাষিরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *