জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’ কি এবার বড়পর্দায়? জল্পনা তুঙ্গে
জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’কে বড়পর্দায় নিয়ে আসার সম্ভাবনা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি ভোপালের কাছে মহোদিয়া গ্রামে আয়োজিত ‘পঞ্চায়েত ৫’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে দ্য ভাইরাল ফিভার-এর প্রেসিডেন্ট বিজয় কোশি এই বিষয়ে মুখ খোলেন। তিনি জানান, সিরিজটিকে সিনেমা হিসেবে দর্শকের সামনে আনার ইচ্ছা তাঁদের দীর্ঘদিনের। ২০১৬ সাল থেকেই এই ভাবনা নিয়ে নির্মাতাদের মধ্যে আলোচনা চলছে।
একজন গল্পকারের কাছে নিজের সৃষ্টিকে বড়পর্দায় পৌঁছে দেওয়া সবসময়ই একটি বড় স্বপ্ন, যা পঞ্চায়েতের ক্ষেত্রেও প্রযোজ্য। তবে সিনেমা তৈরির বিষয়ে এখনই কোনো নির্দিষ্ট ঘোষণা করেননি নির্মাতারা। ছবির গল্প, শুটিং বা মুক্তির দিনক্ষণ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বিজয় কোশি জানিয়েছেন, ভবিষ্যতে যদি সিনেমাটি তৈরি হয়, তবে সিরিজের পরিচিত মুখদেরই সেখানে দেখা যেতে পারে। সিরিজের অন্যতম অভিনেতা রঘুবীর যাদব অবশ্য এর আগে এই বিষয়ে কিছুটা সংশয় প্রকাশ করেছিলেন। তাঁর মতে, ফুলেরা গ্রামের গল্পের নিজস্ব যে ছন্দ ও গভীরতা রয়েছে, তা তিন ঘণ্টার সিনেমায় কতটা বজায় রাখা সম্ভব, সেটি একটি বড় চ্যালেঞ্জ।
উল্লেখ্য, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘মির্জাপুর’ সিরিজের সাফল্যের পর ওয়েব সিরিজকে সিনেমায় রূপান্তর করার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তবে পঞ্চায়েতের ক্ষেত্রে নির্মাতাদের মূল লক্ষ্য হলো ওটিটির জনপ্রিয় চরিত্রগুলোকে বড়পর্দায় তুলে ধরা। আপাতত দর্শকের নজর আগামী ৩ ডিসেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেতে চলা ‘পঞ্চায়েত ৫’-এর দিকে। ফুলেরা গ্রামের চেনা মানুষ, রাজনীতি ও হাস্যরসের গল্প এবার নতুন সিজনে কতটা সাড়া ফেলে, সেটাই দেখার বিষয়।